
স্টাফ রিপোর্টার:
আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদে তরুণ রাজনৈতিক নেতা মোঃ নাজমুল হোসেন মন্ডল প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই এলাকায় নতুন করে রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ ভোটারদের মতে, তার প্রার্থীতা ঘোষণার পর থেকেই ৪৩ নং ওয়ার্ডের নির্বাচনকে ঘিরে নতুন আলোচনার জন্ম নিয়েছে এবং অনেকের মতে তিনি হয়ে উঠেছেন জনগণের আস্থা ও ভরসার অন্যতম প্রধান প্রার্থী।
জনাব মোঃ নাজমুল হোসেন মন্ডল বর্তমানে টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব এবং গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি রাজনীতির পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকাবাসীর পাশে দাঁড়িয়ে একটি পরিচ্ছন্ন ও ক্লিন ইমেজের রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সুনাম অর্জন করেছেন।
স্থানীয় নেতাকর্মীদের মতে, তার নেতৃত্বে টঙ্গী পূর্ব থানা যুবদল আবারও সংগঠিত ও সক্রিয় হয়ে গৌরবময় ঐতিহ্যে ফিরে এসেছে। দলের তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ ও কাজ করার কারণে তিনি ইতোমধ্যে এলাকায় জনপ্রিয়তা অর্জন করেছেন।
৪৩ নং ওয়ার্ডের অনেক ভোটার মনে করছেন, নাজমুল হোসেন মন্ডল নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই ভোটের হিসাব-নিকাশে বড় ধরনের পরিবর্তন এসেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অন্যান্য প্রার্থী থাকলেও নাজমুল হোসেন মন্ডলকে ঘিরেই এখন নির্বাচনী আলোচনার কেন্দ্রবিন্দু তৈরি হয়েছে।
প্রার্থীতা প্রসঙ্গে মোঃ নাজমুল হোসেন মন্ডল বলেন, “আমি সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি এবং আগামীতেও জনগণের কল্যাণে কাজ করতে চাই। নির্বাচিত হলে ৪৩ নং ওয়ার্ডকে একটি উন্নত, নিরাপদ ও আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো।”
তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত একটি সমাজ গঠন, এলাকার অবকাঠামোগত উন্নয়ন, রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নতি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং যুবসমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করাই হবে তার প্রধান অঙ্গীকার।
এদিকে আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে তিনি ৪৩ নং ওয়ার্ডসহ গাজীপুর সিটি করপোরেশনের সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদ উল ফিতর আমাদের মাঝে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা। সকলের জীবন হোক সুখ, সমৃদ্ধি ও কল্যাণময়।”
তিনি আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে এলাকার সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।
Leave a Reply