
ভোলাহাটে ৯৮ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯৮ বোতল ভারতীয় নিষিদ্ধ ইসকাপ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে ভোলাহাট থানা পুলিশ। আটককৃত ব্যক্তির নাম মোঃ গোলাম রব্বানী (২৭)। তিনি উপজেলার মুশরিভুজা গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম মোঃ জালাল উদ্দিন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানা পুলিশের একটি বিশেষ দল গত ৮ এপ্রিল ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে উপজেলার মুশরিভুজা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন হিসেবে মোঃ গোলাম রব্বানীকে তল্লাশি করা হলে তার হেফাজত থেকে ৯৮ বোতল ভারতীয় নিষিদ্ধ ইসকাপ সিরাপ উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃত গোলাম রব্বানী দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং বিভিন্ন এলাকায় এই অবৈধ সিরাপ সরবরাহ করতেন।
এ ঘটনায় ভোলাহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নম্বর-০৩ এবং তারিখ ০৯ এপ্রিল ২০২৬ ইং।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। তিনি আরও বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ বদ্ধপরিকর।
আটককৃত আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply