প্রেস রিলিজ:
সম্প্রতি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়নের মধ্যরামচন্দ্রপুর (হাসবাড়ী) গ্রামে নির্মাণাধীন শ্রী শ্রী কালিমন্দিরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও কিছু মহলের মাধ্যমে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু মাওলানাকে জড়িয়ে যে বিভ্রান্তিকর, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে, তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হচ্ছে।
প্রকৃতপক্ষে মধ্যরামচন্দ্রপুর এলাকায় স্থানীয় সমাজসেবক হরিদাস বাবুর উদ্যোগে একটি মন্দিরের নির্মাণকাজ চলমান রয়েছে। একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু এলাকার বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিয়মিত অংশগ্রহণ করে থাকেন। এরই ধারাবাহিকতায় তিনি উক্ত এলাকায় একটি হাসপাতালের নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠান এবং হরিদাস বাবুর উদ্যোগে আয়োজিত ত্রাণ বিতরণ কর্মসূচিতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কিন্তু একটি কুচক্রী ও স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তাঁকে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন বা উদ্বোধনের সঙ্গে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে স্পষ্টভাবে জানানো যাচ্ছে যে, শ্রী শ্রী কালিমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন কিংবা উদ্বোধন অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি এবং তিনি কোনোভাবেই মন্দির উদ্বোধন করেননি। এ সংক্রান্ত প্রচারিত সকল তথ্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
মাননীয় সংসদ সদস্য বিশ্বাস করেন, ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক সহাবস্থান বাংলাদেশের অন্যতম ঐতিহ্য। একজন জনপ্রতিনিধি হিসেবে সকল ধর্ম-বর্ণের মানুষের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা তাঁর নৈতিক দায়িত্বের অংশ। সেই দায়িত্ব পালনকে ভিন্ন খাতে প্রবাহিত করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
লক্ষ্য করা যাচ্ছে, অতীতেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উক্ত এলাকায় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। অথচ শুধুমাত্র অধ্যক্ষ নজরুল ইসলাম লেবুকে লক্ষ্যবস্তু বানিয়ে একপাক্ষিকভাবে অপপ্রচার চালানো হচ্ছে, যা সুস্পষ্টভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
পলাশবাড়ী ও সাদুল্যাপুরের শান্তিপ্রিয় জনগণ, শুভাকাঙ্ক্ষী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো যাচ্ছে— কোনো গুজব, অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্যের দ্বারা প্রভাবিত না হয়ে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান গ্রহণ করুন এবং সামাজিক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা প্রতিহত করুন।
একই সঙ্গে এ ধরনের মিথ্যাচার, অপপ্রচার ও মানহানিকর কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তি বা গোষ্ঠীকে দ্রুত চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হচ্ছে।
প্রচারকারী
অধ্যক্ষ আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু মাওলানা
মাননীয় সংসদ সদস্য
গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী)