স্টাফ রিপোর্টার |গাজীপুর:
মাদক উদ্ধার অভিযান, আসামি গ্রেফতার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়েছে। জিএমপির সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের পক্ষ থেকে এ পুরস্কার প্রদান করা হয়।
মঙ্গলবার (১৩ মে ২০২৬) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে সাম্প্রতিক মাদকবিরোধী বিশেষ অভিযানে সাফল্যের স্বীকৃতিস্বরূপ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়।
জিএমপির সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে পরিচালিত একাধিক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং মাদক কারবারিদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
উল্লেখযোগ্য অভিযানের মধ্যে রয়েছে—
▪️ জিএমপি-কোনাবাড়ী থানার মাদকবিরোধী অভিযানে প্রায় ১৩ লক্ষ টাকা মূল্যের ৬৪ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও ১২ বোতল বিদেশি মদ উদ্ধারসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
▪️ জিএমপি-সদর থানার বিশেষ অভিযানে প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা মূল্যের ২ হাজার ১৪৯ পিস ইয়াবা এবং নগদ ৩৭ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
▪️ কাশিমপুর থানার বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের ১৫০ গ্রাম হেরোইন ও ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এসব অভিযানে দায়িত্বপ্রাপ্ত ডিসি (ক্রাইম) নর্থ, এসি (ক্রাইম)-সদর জোন, ওসি সদর, ওসি কোনাবাড়ী, ওসি কাশিমপুরসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাদের এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ পুলিশ কমিশনার মহোদয় পুরস্কার প্রদান করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে জিএমপি সর্বদা তৎপর রয়েছে এবং জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ।