শামসুজ্জোহা, ভ্রাম্যমান প্রতিনিধি (গাইবান্ধা):
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার তিনটি পৃথক ভেন্যুতে এ নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুটি পদের বিপরীতে মোট ১ হাজার ৮০০-এর বেশি প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। বিপুলসংখ্যক প্রার্থীর উপস্থিতিতে উৎসবমুখর হলেও পুরো পরীক্ষা ছিল সুশৃঙ্খল, স্বচ্ছ ও নিরপেক্ষ।
তথ্য সংগ্রহকারী পদে মৌখিক পরীক্ষা সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এবং সাদুল্লাপুর কে. এম. সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। অপরদিকে, সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা বিকেল ৩টা থেকে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
পরীক্ষার সার্বিক তদারকির দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন। তারা বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে নিয়োগ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, “শতভাগ স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা নিশ্চিত করে নিয়োগ পরীক্ষা গ্রহণ করা হয়েছে। এখানে কোনো ধরনের স্বজনপ্রীতি বা অনিয়মের সুযোগ নেই। পরীক্ষার মাধ্যমে যোগ্য ও মেধাবী প্রার্থীদেরই বাছাই করে নিয়োগ দেওয়া হবে।”
পরীক্ষায় অংশগ্রহণকারী একাধিক প্রার্থী জানান, পুরো নিয়োগ প্রক্রিয়াটি ছিল সুশৃঙ্খল ও নিরপেক্ষ। তারা আশা প্রকাশ করেন, মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়নের ভিত্তিতেই চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।
উল্লেখ্য, সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ ও তদারকি কার্যক্রমকে আরও কার্যকর, গতিশীল এবং সেবামুখী করতে এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, দক্ষ ও যোগ্য জনবল নিয়োগের মাধ্যমে কর্মসূচির সেবার মান আরও উন্নত হবে।