নিজস্ব প্রতিবেদক | গাজীপুর
গাজীপুর মহানগরের টঙ্গীর ৪৭ নম্বর ওয়ার্ডের মরকুন এলাকায় মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে মাদকবিরোধী আলোচনা সভা ও জনসচেতনতামূলক মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৩১ জুলাই (শুক্রবার) বাদ আসর মরকুন পৌর কবরস্থান মসজিদে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শেষে “সমাজকে মাদকমুক্ত রাখি, সুস্থ ও সুন্দর সমাজ গড়ি, মাদককে না বলি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে একটি সুশৃঙ্খল জনসচেতনতামূলক মিছিল বের করা হয়। মিছিলটি মরকুন পৌর কবরস্থান মসজিদ থেকে শুরু হয়ে টিএনটি বাজার এলাকায় গিয়ে শেষ হয়। এতে স্থানীয় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
মো. মফিজ মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মো. জহির সরকার, কামাল হোসেন, সোহাগউল্লাহ, মঞ্জু, শরীফ সারওয়ার আশা, আতাউর রহমান, মো. জাকির হোসেন, মো. হেলাল, মো. ইসমাইল এবং শেখ সাদী।
এ সময় বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, প্রশাসন ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে আয়োজিত মাদকবিরোধী সচেতনতামূলক মিছিলটি স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে। উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত থাকলে মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।